নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহৃত একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুটি মোটরসাইকেলে করে আসা চার দুর্বৃত্ত কার্যালয়ে প্রবেশ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লা মডেল থানাধীন উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে এ ঘটনা ঘটে। আগুনের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের দুটি পৃথক দল কাজ শুরু করেছে।
স্থানীয়রা জানায়, উত্তর মাসদাইরে আমানা গার্মেন্টসসংলগ্ন গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহৃত একটি অস্থায়ী কার্যালয় রয়েছে। রাত সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন সেখানে আসে।
এসময় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে এবং ভেতরের প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দেয়। এরপরেই মোটরসাইকেল নিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জেলার সহকারী পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন বলেন, যেখানে আগুন দেওয়া হয়েছে, সেটি আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়। স্থানীয় বিএনপির কয়েকজন নেতা সেটি কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি আরও জানান, মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় আমাদের দুটি পৃথক দল তদন্ত করছে।










