নারায়ণগঞ্জের বন্দরে তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) দক্ষিণ লক্ষণখোলার ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার।
রোববার বিকেলে মাহফিলের প্রস্তুতি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমির মাওলানা মইনুদ্দিন আহমাদ। এ সময় তিনি বলেন, মুফতি আমির হামজার আগমন ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমরা সর্বস্তরের মানুষকে মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
মাহফিলে বক্তব্যের কোনো পর্যায়ে আপত্তিকর বিষয় উঠে এলে ওলামায়ে কেরামকে তাৎক্ষণিক প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, তাঁরাও এ বিষয়ে প্রয়োজনীয় ভূমিকা রাখবেন।
তিনি আরও জানান, মাহফিল আয়োজনের জন্য প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে। সংসদ সদস্য আবুল কালামের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি আসতে পারবেন না।
এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার উপস্থিত ছিলেন। আয়োজক সূত্রে জানা গেছে, তিনি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক আলহাজ ইসহাক খান।










