নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব হাসান রিফাত (২২) নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর এক সহযোগীকেও আটক করা হয়েছে।

এসময় তার কাছ থেকে নগদ ৫২ হাজার ১৫০ টাকা ও একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। এর আগে গভীর রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের টাইগার রোলিং মিলস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিব হাসান রিফাত শিমরাইল এলাকার মুন্সীবাড়ির মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। তাঁর সহযোগী জাহিদ হাসান রনি (৩০) শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিফাতের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ ৫২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। অপরদিকে রনির কাছ থেকে পাওয়া যায় আরও ৪০ পিস ইয়াবা। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা।

ওসি মো. নজরুল ইসলাম বলেন, ইয়াবাসহ রিফাত ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।