আলোচিত জেলা জমিয়তে ইসলামের আহবায়ক ও হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমানকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।

হামলার অভিযোগ করে ফেরদাউসুর রহমান বলেন, ‘সদর থানা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক অনিক, মহানগর ছাত্রদল নেতা তোফায়েলসহ ২০ থেকে ২৫ জন এসে আমার ওপর হামলা করে। এরা মূলত আজিজুল ইসলাম রাজীবের নির্দেশনায় পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালায়।’

হামলার কারন হিসেবে বলেন, ‘আমি এই এলাকায় জেলা পরিষদ থেকে একটি জায়গা লিজ এনে কাজ শুরু করি। ছাত্রদলের ছেলেরা আমার কাছে চাঁদা দাবি করে এবং মার্কেটের অর্ধেক দাবী করে। আমি বলেছি আমি বিএনপির শরীক দলের নেতা, আমি কোন চাঁদা দিব না। এরপরেও তারা আমার মার্কেটের কাজ বার বার বন্ধ করে দিয়েছে। আজকে আমাকে ফোন করে ডেকে নিয়ে মারধর করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব বলেন, ‘আমি ঘুম থেকে উঠে শুনতে পেরেছি তার উপর হামলা হয়েছে। কেন হামলা করা হয়েছে তা জানিনা। ফেরদাউসুর রহমানের সাথে আমার বেশ ভালো সম্পর্ক রয়েছে। তার সাথে মার্কেটের বিষয়ে কখনও কথা হয়নি। উনি কেন আমার নাম বললো সেটা তিনিই বলতে পারবেন।’