নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চার থেকে পাঁচজন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধা জেলার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তাঁর চার বছর বয়সী ছেলে বিপুল।
কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে উল্টোপথে আসা সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শফিকুল ইসলাম ও তাঁর ছেলে বিপুল দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সংঘর্ষে আরও চার থেকে পাঁচজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা ও বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর সিমেন্টবোঝাই ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। বাসটিকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান।
নিহতদের মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় সড়ক আইনে মামলা গ্রহনের প্রক্রিয়া চলছে।










