নরসিংদীর মাধবদীতে একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কৃষকদল নেতা জামাল হোসেন (৪২)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়ন কৃষকদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়।
জামাল হোসেন আড়াইহাজার উপজেলার বাড়ৈপাড়া গ্রামের মৃত সুক্কুর আলীর ছেলে। তিনি মাধবদী থানার কালিয়াবাড়ী এলাকার ‘রনি ডাইং’ কারখানায় কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে রনি ডাইং এ বয়লার বিস্ফোরণ ঘটে। এতে জামাল গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের বার্ন ইউনিটের চিকিৎসক হারুন অর রশিদ বিপুল। তিনি বলেন, বয়লার বিষ্ফোরণে জামাল হোসেনে ৬০ শতাংশ শরীর দগ্ধ হয়েছিলো।










