নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বিদেশি পিস্তলসহ উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি তিনি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শফিকুল ইসলাম শরীফ (৩১) আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল কাদির ও সুজাতা বেগমের ছেলে।

পুলিশ জানায়, গত ১০ অক্টোবর তাকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়। আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মো. মেহেদী ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রাকিবুল আলম তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁর হেফাজতে অবৈধ অস্ত্র থাকার তথ্য পাওয়া যায়।

পরে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গত ১৬ অক্টোবর ভোরে শফিকুলের বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে বাড়ির পাশে লুকিয়ে রাখা পলিথিনের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন বলেন, ‘এই ঘটনায় শফিকুল ইসলাম শরীফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের ও গ্রেপ্তার দেখানো হয়েছে।’