নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া যেই পথ দেখিয়েছিলেন, সেই পথ ধরেই আজকের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী ও পারিবারিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে সচেতন থাকতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, আগে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য অনেক বই বহন করতে হতো। এখন একটি মোবাইল ফোনেই অসংখ্য তথ্য পাওয়া যাচ্ছে। এত সুযোগ-সুবিধা থাকার পরও শিক্ষার্থীরা যদি সঠিকভাবে জ্ঞান অর্জন করতে না পারে, তাহলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে।

বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন নির্মাণের দাবি প্রসঙ্গে আবুল কালাম বলেন, প্রতিষ্ঠানটির জন্য ১০ তলা ভবন নির্মাণের দাবি রয়েছে। আমি ১৯ এপ্রিলের মধ্যেই এর বিদ্যালয় সহ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করেছি।

বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি খুরশিদ আহমেদ তুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. খালিদুজ্জামান ভূঁইয়া।