নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দীঘলদীতে মাদকবিরোধী অবস্থানের জেরে ‘ফুলের বাগান রেস্টুরেন্টে আগুন দেয়ার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী শ্মশান সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্টটির মালিক জামান মিয়া স্থানীয় দিঘলদী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রেস্টুরেন্ট মালিক জামান মিয়া বলেন, গত জুমার নামাজ শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষনা দেই। ওইদিনই স্থানীয় মুসুল্লি ও এলাকাবাসী মিলে চারজন মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান চালানো হয়।
তারই ধারাবাহিকতায় প্রতিদিন রাত ১১ টা পর্যন্ত দিঘলদী এলাকায় মসজিদ কমিটি ও এলাকাবাসী মাদক নির্মূলে যৌথ পাহারা দিচ্ছে। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা আমার রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দিয়েছে।
জামান বলেন, প্রায় ২২ লাখ টাকা খরচ করে রেস্টুরেন্ট তৈরী করেছিলাম। এক বছর ধরে এর বানিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ভেতরে আসবাবপত্র ও মূল্যাবান সামগ্রী ছিলো। সকালে আগুনে প্রচুর মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে।










