যান্ত্রিক ত্রুটির কারণে নারায়ণগঞ্জে দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। নারায়ণগঞ্জের বাইরেও ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার গ্রাহকরা লম্বা সময় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানায়, দুপুর ১২টা ৪৩ মিনিটে অনাকাঙ্ক্ষিতভাবে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।
বিপর্যয়ের আওতায় রয়েছে রাজধানী ঢাকার গুলশান, রামপুরা, উলন, মতিঝিল, নারায়ণগঞ্জের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জসহ আরও বেশ কিছু এলাকা।
বিদ্যুৎ বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মেঘনাঘাট-হরিপুর জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দেওয়ায় নারায়ণগঞ্জসহ অন্যান্য এলাকার বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। এছাড়া পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ ইতোমধ্যেই পুনরুদ্ধার করা হয়েছে। তারা আশা করছে, খুব অল্প সময়ের মধ্যেই বাকি এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
সাময়িক অসুবিধার জন্য কোম্পানিটি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।










