নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ৩০ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলার মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে নদীর আড়াইহাজার অংশে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র মৎস জেসমীন আক্তার। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে মেঘনা নদীর আড়াইহাজার অংশে অভিযান চালিয়ে এসব জাল ও ইলিশ জব্দ করা হয়।
আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার বলেন, নিষেধাজ্ঞা কার্যকর থাকাকালে ইলিশ আহরণ বন্ধ রাখতে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল হক মিয়াজী ও খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।










