মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২৯তম বিসিএসে চাকরি নেওয়ার অভিযোগে তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গতকাল বুধবার রাতে আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এদের মধ্যে একজন নারায়ণগঞ্জ সদর উপজেলার সাবেক ইউএনও নাহিদা বারিক। তিনি ওএসডি হওয়ার পূর্বে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ওএসডি হওয়া বাকি দুই কর্মকর্তা হলেন জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসার তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক রকিবুর রহমান খান।
এই তিন কর্মকর্তা ২৯তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন। সরকারি নথিতে তাঁরা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেলেও দুদকের অনুসন্ধানে দেখা যায়, বিসিএস পরীক্ষার সময় তাঁদের কেউই মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী হিসেবে আবেদন করেননি। তাঁদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারি চাকরিতে নিয়োগের সময় জমা দেওয়া সনদ ও কোটার যোগ্যতা নিয়ে বিতর্কের মধ্যে এ ব্যবস্থা নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।










