নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের সদস্যদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাত দলের সদস্যরা ইট-পাটকেল ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশ শর্টগান থেকে অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

 

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া তিনটার দিকে উপজেলার জালাকান্দি এলাকায় আড়াইহাজার-বিশনন্দী সড়কে এ ঘটনা ঘটে।

 

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মুখলেসুর রহমান জানান, জালাকান্দি এলাকায় একটি ডাকাত দল সড়কের ওপর গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে কাছাকাছি এলাকায় টহলরত উপপরিদর্শক (এসআই) হুমায়ুন ও তিনজন কনস্টেবল ঘটনাস্থলে যান।

 

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে একপর্যায়ে পুলিশ শর্টগান থেকে চার রাউন্ড গুলি ছোড়ে বলে জানান তিনি।

 

পরে ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো পক্ষের হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।