নারায়ণগঞ্জের ফতুল্লায় পাগলা রেলস্টেশন সংলগ্ন জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গোডাউনের আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে গোডাউনটিতে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ফতুল্লা থানা পুলিশ ও পাগলা-আলিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর আনুমানিক ৪ টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।