নারায়ণগঞ্জের ফলপট্টি এলাকায় নিষিদ্ধ প্রসাধনী বিক্রি ও অনুমোদনহীন খাদ্যপণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৬ অক্টোবর) পরিচালিত তদারকি অভিযানে মেসার্স চৌধুরী ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং মেসার্স জেবিএল ট্রেডিংকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান থেকেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, মেসার্স চৌধুরী ট্রেডার্সে অনুমোদনহীন ও নিষিদ্ধ রং ফর্সাকারী ‘ড. রাসেল নাইট ক্রিম’ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়।
অন্যদিকে, অনুমোদনহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও মোড়কজাত করণের নিয়ম লঙ্ঘনের দায়ে মেসার্স জেবিএল ট্রেডিংকে জরিমানা করা হয়েছে।
অভিযানে জেলা আনসার কমান্ড্যান্টের একটি দল সহযোগিতা করে। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ প্রসাধনী কেনা থেকে বিরত থাকার আহ্বান জানায়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










