সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বলেছেন, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত ও পকেট কমিটির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে। কেন্দ্রের ভুলের পাশাপাশি বিভাজনের রাজনীতিও দলকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন শামীম ওসমান।
নিজের শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরে তিনি বলেন, আমি অসুস্থ, ক্যান্সার হয়েছে। আমার ক্যান্সার বলা হচ্ছে ফোর্থ স্টেজ। কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।’
টকশোতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন শামীম ওসমান। তিনি বলেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনা দেখে কৃতজ্ঞ থাকবেন। আর যদি বেঁচে না থাকি, তাহলে সেই আফসোস থেকে যাবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান শামীম ওসমান। পরবর্তীতে তিনি গোপনে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যান। বর্তমানে তাঁর বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।










