আগামী বছরের জানুয়ারিতে আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। জেলার পাঁচটি উপজেলার মোট ৩৯টি ইউনিয়ন পরিষদে চার ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রতিটি ইউনিয়নের চূড়ান্ত তফসিল এখনো আলাদাভাবে ঘোষণা না হওয়ায় নির্ধারিত এই সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসারও অবকাশ রয়েছে।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক ধাপভিত্তিক তালিকায় নারায়ণগঞ্জের ইউনিয়নগুলোকে চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে। ঘোষিত এই তালিকা অনুযায়ী, পঞ্চম ধাপে জেলার কোনো ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত নেই।
ইসির প্রকাশিত ধাপভিত্তিক সময়সূচি পর্যালোচনা করে দেখা গেছে, আগামী বছরের ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত চারটি ভিন্ন তারিখে জেলার ৩৯টি ইউনিয়নে ভোট গ্রহণ চলবে।
প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি, ২০২৭ আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণের মাধ্যমে জেলার ইউপি নির্বাচনের যাত্রা শুরু হবে।
দ্বিতীয় ধাপে জেলার সবচেয়ে বেশি সংখ্যক- মোট ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই বছরের ৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি এবং রূপগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তৃতীয় ধাপে ২৯ এপ্রিল বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের কথা হয়েছে।
সর্বশেষ চতুর্থ ধাপে ১৩ মে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রকাশিত এই তালিকায় মূলত কোন উপজেলার ইউনিয়নগুলো কোন ধাপে নির্বাচনে যাবে, সেই প্রাথমিক পর্যায় নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর নির্বাচনের চূড়ান্ত তফসিল এখনো আলাদাভাবে নিশ্চিত করা হয়নি। নিয়মানুযায়ী, ভোট গ্রহণের নির্দিষ্ট সময় আগে আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে।
ইতিমধ্যে এই নির্বাচনকে ঘিরে জেলার পাঁচটি উপজেলার ইউনিয়নগুলোতে সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। চূড়ান্ত তফসিল ঘোষণার পরপরই নির্বাচনী মাঠ পুরোপুরি সরগরম হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা।










