নারায়ণগঞ্জে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে তার ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি বার ভবনের সামনে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগপন্থী আইনজীবীদের উদ্দেশ্যে আবু আল ইউসুফ খান বলেন, কিছু আইনজীবী আছে, যারা অরাজকতা সৃষ্টি করতে চায়। একটা সময় ছিল, শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালন করতে দেননি। তবু এখন আইনি পেশায় আছেন। পেশাটাই করেন, অন্যকিছু করতে চাইলে তবে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
নারায়ণগঞ্জের জনগণের প্রতি দায়িত্বের কথা উল্লেখ করে টিপু বলেন, বিএনপির প্রতিটি নেতা-কর্মী, প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে পাহারা দিচ্ছে। আমি আইনজীবী ভাইদের বলব, আপনারা যে যে এলাকায় থাকেন, ওই এলাকার মূল দলের সঙ্গে মিলে পাহারা দেবেন। আদালত প্রাঙ্গণ পাহারা দিতে হবে।
তিনি নারায়ণগঞ্জের আওয়ামীলীগের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, শীঘ্রই অগ্নিসংযোগ, সন্ত্রাস, অরাজকতা, নৈরাজ্য যদি বন্ধ না করা হয়, নারায়ণগঞ্জ ঘেরাও করে আওয়ামীলীগারদের ঘর থেকে বের করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জ আর নারায়ণগঞ্জ এক না। নারায়ণগঞ্জে যদি কোনো বিএনপি নেতা-কর্মীর গায়ে হাত দেওয়া হয়, তাহলে তার বংশ নির্বংশ করে দেওয়া হবে। যত বড় গডফাদার হন না কেন। ভালো হয়ে যান। দেশের, জনগণের জান-মাল জিম্মি করবেন না।










