নারায়ণগঞ্জের ফতুল্লায় মেরি স্টার নামক একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা অবহেলায় অন্তঃসত্ত্বা নারী ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
গত শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটিতে অবস্থিত এই হাসপাতালে মৃত্যুবরণ করেন ওই নারী। নিহত নারীর নাম সুমা আক্তার (৩৫)। তিনি ফতুল্লা থানার দাপা আদর্শ স্কুল এলাকার ফারুক আহম্মেদের স্ত্রী
নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুর ২ টার দিকে অন্তঃসত্ত্বা নারী তার সন্তান প্রসবের জন্য মেরি স্টার হাসপাতালে উপস্থিত হয়। সেসময় চিকিৎসকরা তাকে স্বাভাবিক প্রসবের চেষ্টা করে। এসময় পেটের ভেতরেই শিশুটি মারা গেছে বলে জানায় চিকিৎসকরা।
এরপর যন্ত্রণায় কাতরাতে থাকা নারীর অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। মৃত্যুর পরপরেই হাসপাতালের চিকিৎসক ও কতৃপক্ষ পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মিলন ফকির জানান, ‘৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে সন্ধ্যা ৭ টায় পৌছাই। সেখানে গিয়ে হাসপাতালের একজন ওয়ার্ডবয় ছাড়া কাউকে পাইনি। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘নিহতের পরিবার হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুললেও তার স্বামী বিনা ময়নাতদন্তে মরদেহ পেতে লিখিত আবেদন করেছেন। তার আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হচ্ছে।’










