নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের বন্দরে দুই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিসের বন্দর থানা শাখা। একই সঙ্গে বন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটির নেতারা।
শুক্রবার বিকেলে নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে এসব দাবি জানানো হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে খেলাফত মজলিসের কর্মী শাহীন এবং ২২ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলনের নেতা বুলবুল নিহত হওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের বন্দর থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফরিদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মহানগর সহসভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহসাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, বন্দর উপজেলা সভাপতি মুফতি আবুল কাসেম ও ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দিক।
এ ছাড়া মহানগর বায়তুলমাল সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতি তৌফিক বিন হারিছ, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ ও জেলা সভাপতি মুহাম্মদ আনাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










