নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার অবৈধ ডাবল বার্নারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে একটি অবৈধ চুন কারখানার সংযোগও মূল সরবরাহ লাইন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুহা তাবিলের নেতৃত্বে তিতাস গ্যাসের বন্দর জোনাল বিক্রয় অফিস এ অভিযান পরিচালনা করে।

কর্তৃপক্ষ জানায়, জাঙ্গাল ও মালিবাগ বাসস্ট্যান্ডসংলগ্ন চারটি স্থানে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব সংযোগে প্রতি ঘণ্টায় মোট ৫২ হাজার ৫০০ ঘনফুট গ্যাস ব্যবহারের সক্ষমতা ছিল। এ সময় অবৈধ গ্যাস লাইন, পাইপ, ভালভ ও রেগুলেটর অপসারণ করা হয়।

তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান, গ্যাসের অপচয় রোধ ও সরকারি রাজস্ব সুরক্ষায় অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।