নারায়ণগঞ্জের বন্দরে মো. রিয়াজ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ কদমতলী এলাকার ডাক্তার ফাতেমার ভাড়া বাসার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিয়াজ ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে রিয়াজের মনোমালিন্য চলছিল। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে কক্ষের ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, রিয়াজের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে এমনটা ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।










