নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ রেলওয়ের জমি উদ্ধার ও অবৈধ দখলমুক্ত করতে দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে প্রায় ৩০০ থেকে ৪০০টি দোকানপাট ও ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে। এ সময় নবীগঞ্জের এসান চেয়ারম্যান মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেট এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. এরশাদ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উচ্ছেদ করা স্থাপনাগুলো দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি দখল করে নির্মাণ করা হয়েছিল। এসব স্থাপনায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছিল। সরকারি সম্পত্তি উদ্ধার এবং অবৈধ দখলমুক্ত করার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন বলেন, রেলওয়ের জমিতে কোনো অবৈধ দখলদারকে ছাড় দেওয়া হবে না। সরকারি জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান নিয়মিত চলবে বেশ কয়েকজন দোকানদারকে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা নিজ খরচে সরিয়ে না নিলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রেলওয়ের অভিযানের ফলে নবীগঞ্জ বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় গড়ে ওঠা বহু ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবসায়ীরা আর্থিক লোকসানের মুখে পড়েছেন।