নারায়ণগঞ্জ বিদ্যানিকেতন হাই স্কুলে কিশোরী ও ৯ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ৯ থেকে ১১ বছর বয়সী মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মসূচি পালন করা হয়।

বুধবার সকালে লায়ন্স ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি, আলোর পথযাত্রী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ে আলোচনা করেন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক জাকিয়া পারভীন লিপি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার চিকিৎসক নাফিয়া ইসলাম, কিশোরীদের ক্যান্সার নিয়ে গবেষণারত প্রতিষ্ঠান আলোর পথযাত্রীর চেয়ারম্যান ড. সাদিয়া আফরোজ মুক্তি, এলাইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক বদরুদ্দোজা এবং বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

বক্তারা বলেন, বয়ঃসন্ধিকালে কিশোরীদের শরীরে নানা ধরনের পরিবর্তন ঘটে। এ সময় তাদের জরায়ু ও স্তনসহ প্রজননস্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা দেওয়া প্রয়োজন। কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করতে মায়েদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, মেয়েদের বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন সম্পর্কে পরিবারের মায়েদের সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পরামর্শ নিশ্চিত করতে হবে।

সেমিনারে বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সেক্রেটারি লায়ন মিল্লাত হোসেন এবং ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নিজাম উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।