বেতন পরিশোধ না করে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেল কম্পোজিট লিমিটেডের শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর পুলিশ লাইনের সামনে শ্রমিকেরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। প্রায় ৪৫ মিনিট পর পুলিশ তাদের সরিয়ে দিলে ওই সড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে কারখানার ভেতরে মালিকপক্ষ, শ্রমিক ও প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়।
শিল্প পুলিশের পরিদর্শক আনোয়ারুল হক বলেন, নির্ধারিত সময়ে বেতন পরিশোধের দাবিতে শ্রমিকেরা রোববার ও সোমবার কর্মবিরতি পালন করেন। এ নিয়ে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে বেতন দিতে আরও কিছুটা সময় চায়। তবে শ্রমিকেরা সেই প্রস্তাবে সম্মত হননি।
মঙ্গলবার মালিকপক্ষের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ নানা কারণে চলতি মাসের বেতন নির্ধারিত সময়ে দেওয়া সম্ভব হচ্ছে না। পরবর্তীতে বেতন পরিশোধ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এরপর শ্রমিকদের কর্মবিরতির পর বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা পুনরায় খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভে নামেন শ্রমিকেরা।
শিল্প পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রমিক নেতা হাসনাতের নেতৃত্বে প্রায় ৩০০ শ্রমিকের মধ্যে ১৫০ জন তার কার্যালয়ে যান। বাকি ১৫০ জন মাসদাইর পুলিশ লাইনের সামনে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে কারখানার ভেতরে নিয়ে যায়।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ওই অংশে প্রায় ৪৫ মিনিট যান চলাচল ব্যাহত হয়।









