নারায়ণগঞ্জ শহরে অটোরিকশা ডাম্পিংয়ের নামে চাঁদাবাজি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বিশেষ মনিটরিং কমিটি। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ, ড্রাইভিং লাইসেন্স ও নির্দিষ্ট পোশাকের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নগর ভবনে নাসিক প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও মনিটরিং কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রতিনিধি আবুল কাউসার আশা।

তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে নিবন্ধিত অটোরিকশার লাইসেন্স নবায়ন ও নামজারির কার্যক্রম শেষ করে বৈধ অটোরিকশার সংখ্যা চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে জমা পড়া প্রায় ১ হাজার ৮টি লাইসেন্স চলতি সপ্তাহে নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈধ যানবাহনের তালিকা চূড়ান্ত হওয়ার পর অবৈধ অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডাম্পিংয়ের নামে গাড়িপ্রতি ২ হাজার ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগ প্রসঙ্গে আবুল কাউসার আশা বলেন, সরকারি রসিদ ছাড়া কাউকে কোনো টাকা দেওয়া যাবে না। ডাম্পিং কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বৈধ পদ্ধতিতে পরিচালিত হবে।

চালকদের দক্ষতা বাড়াতে বিআরটিএর সহযোগিতায় প্রতি সপ্তাহে ২০০ থেকে ৩০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে নগরীর ১৬ থেকে ১৭ হাজার চালককে প্রশিক্ষণ, ড্রাইভিং লাইসেন্স ও নির্দিষ্ট পোশাকের আওতায় আনা হবে।

বৈঠকে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।