নারায়ণগঞ্জে সোমবার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের পর মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক ছিলো পরিবেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে পুলিশ ও বিজিবি সদস্যদের কঠোর নজরদারি দেখা গেছে।
চাষাঢ়ার শহীদ জিয়া হলের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। বিকেএমইএর প্রধান কার্যালয়ের সামনেও মোতায়েন রয়েছেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য।
এদিকে জেলা ও দায়রা জজ আদালতের পাশে ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা অবস্থান করছেন।
এর আগে, শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার শ্রমিকদের অবরোধ করা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে মিছিল করে তাঁরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল ৫টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।










