নারায়ণগঞ্জের ফতুল্লায় বন্ধ থাকা ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিট লিমিটেড চালু, দুই মাসের বকেয়া বেতন পরিশোধ এবং কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন শ্রমিকরা।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে শ্রমিকদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

সমাবেশে শ্রমিক নেতারা জানান, গত ৩০ সেপ্টেম্বর থেকে কারখানাটি বন্ধ রয়েছে। এতে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। পাশাপাশি সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন না পাওয়ায় তাঁরা পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে পড়েছেন।

বক্তারা অবিলম্বে কারখানা চালু, বকেয়া মজুরি পরিশোধ, শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত এবং হয়রানি বন্ধের দাবি জানান। একই সঙ্গে জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিকেএমইএ ও শিল্প পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

সমাবেশে সভাপতিত্ব করেন কারখানার শ্রমিক সাবিনা আক্তার। এতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতারা এবং কারখানার শ্রমিকরা বক্তব্য দেন। দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।