নারায়ণগঞ্জ শহরের ৫ নাম্বার ঘাটে বেপরোয়া গতিতে চলা উৎসব ট্রান্সপোর্টের একটি বাসের চাপায় এক অটোরিকশাচালক মারা গেছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে শহরের মাছঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিক্সা চালকের নাম আতিক (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ আল মামুন।
এ ঘটনায় আহতরা হলেন: মাসুদ রানা (৩৯), শাওন (৪০) এবং মো. মোজাম্মেল (৪০)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচল করা উৎসব কোম্পানির একটি বাস যাত্রী নামিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল। চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে যাত্রীর অপেক্ষায় থাকা পাঁচটি অটোরিকশাকে চাপা দেয়।
বাসের ধাক্কায় রিকশাগুলো ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। এতে রিকশাচালক ও পথচারীরা আহত হন।
গুরুতর আহত আতিককে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। তবে দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










