নারায়ণগঞ্জের আড়াইহাজারে বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে আমদানি করা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৮০ কাউন্টের সুতা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের হাজী আব্দুস সালাম মার্কেটের একটি গোপন গুদামে অভিযান চালিয়ে প্রায় ৪০০ বস্তা ও কার্টনভর্তি সুতা উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে নরসিংদীর মাধবদী এলাকায় একটি গাড়ি থেকে বন্ড সুবিধায় আনা কিছু সুতা আটক করা হয়। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে আড়াইহাজারের পুরিন্দা এলাকায় ওই গোপন গুদামের সন্ধান পান সংশ্লিষ্টরা।

পরে কাস্টমস কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সুতা জব্দ করেন। জব্দ করা সুতার বাজারমূল্য আনুমানিক ৪ থেকে ৫ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, মাধবদীতে সুতা আটকের পরই বিষয়টির সূত্র পাওয়া যায়। পরবর্তী সময়ে আড়াইহাজারে এর গুদামের সন্ধান মেলে। কাস্টমস কর্তৃপক্ষ মূল অভিযান পরিচালনা করেছে, আর পুলিশ তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে।