পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড।
বৃহস্পতিবার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নূর আলম মিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে জেলা, সদর ও বন্দর উপজেলার মুক্তিযোদ্ধারা অংশ নেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে মুক্তিযোদ্ধাদের সন্তানরাও উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দিয়ে স্বাধীনতাবিরোধী শক্তি ধৃষ্টতা দেখিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
কর্মসূচিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষে বক্তব্য দেন এস. আলম রাজীব। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধারা জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে প্রতিহিংসা ও ধর্মকে কেন্দ্র করে রাজনীতি এবং গুজব-নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।









