শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জে শুরু হয়েছে ‘ক্রিয়েটিভ অনূর্ধ্ব-১৪ ফুটবল লীগ ২০২৬’। টিম ক্রিয়েটিভের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এ ফুটবল লীগের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জের যুগ্ম আহ্বায়ক সামছুর নূর বাঁধন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সম্পাদক পপি রাণী সরকার এবং ক্রীড়া সংগঠক সাদমান সাকিব।
টুর্নামেন্টটির আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন টিম ক্রিয়েটিভের পরিচালক আলমগীর হোসেন আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশু-কিশোর ও তরুণদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, শিশু-কিশোরদের মাদকাসক্তি, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারসহ বিভিন্ন নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে পাড়া-মহল্লায় নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। পাশাপাশি তাদের জ্ঞান ও সৃজনশীলতা বাড়াতে পাঠ্যবইয়ের বাইরেও গল্পের বইসহ বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ তৈরি করতে হবে। এ জন্য স্থানীয় পর্যায়ে লাইব্রেরি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অতিথিরা বলেন, সুস্থ, সৃজনশীল ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার সমন্বিত পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতেও সহায়তা করবে।
টিম ক্রিয়েটিভ আয়োজিত এ ফুটবল লীগে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহে উদ্বোধনী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।










