ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৬’। ৭ অক্টোবর আয়োজিত এ প্রতিযোগিতায় ক্লাবের সাবেক কনভেনারদের অবদান স্মরণ ও সম্মান জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে টেনিস উপ-কমিটির আহ্বায়ক মো. জাহিদ হোসেন শুভেচ্ছা বক্তব্য দেন। পরে প্রধান অতিথি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী সাবেক কনভেনারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রয়াত কনভেনারদের পরিবারের সদস্যদের কাছেও তাঁদের স্মরণে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় টেনিস উপ-কমিটির কো-কনভেনার মো. আসলাম, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, পরিচালক মো. আলতাফ হোসেন, পরিচালক মো. উজ্জল হোসেনসহ ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

খেলোয়াড় ও ক্লাব সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।