৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর দাবা ইভেন্টে নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে বালিকা মধ্যম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিবি মরিয়ম উচ্চ গার্লস অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত হাসান নাবা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় শিরোপা জিতে নেয় নাবা। এর আগে সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে সে।
জেলা পর্যায়ের ফাইনাল ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে বন্দর উপজেলার মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা ফাতেমা জাফরিনের বিপক্ষে খেলতে নামে নাবা। প্রতিপক্ষকে পরাজিত করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে অষ্টম শ্রেণির এই শিক্ষার্থী।
খেলা শেষে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আলী নূর খানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে নুসরাত হাসান নাবা।
নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসের উদ্যোগে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।










