নারায়ণগঞ্জের বন্দরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতির সংবাদ পেয়ে একটি বিরিয়ানীর দোকানে নজরদারী বাড়িয়েছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দি গ্রামে ‘আসলাম বিরিয়ানি’র দোকানের আশেপাশে পুলিশ অবস্তেথান নেয়।

পুলিশ জানায়, জুমার নামাজের পর বুরুন্দি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন এমন খবর পাই। একই সাথে মিছিলের আগে বা পরে তাদের জন্য আসলাম বিরিয়ানীর দোকানে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে এমন তথ্যও পাওয়া যায়। তাদের কর্মসূচী প্রতিহত করতেই পুলিশ অবস্থান নেয়।

দোকানের পরিচালক আসলাম মিয়া জানান, বৃহস্পতিবার রাতে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ২০০ প্যাকেট বিরিয়ানির অর্ডার দেওয়া হয়। এ জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩০ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হয়। অর্ডারকারীরা জানিয়েছিলেন, জুমার নামাজের পর তাঁরা দোকানে বসে খাবেন। তবে শুক্রবার দুপুরে পুলিশ অবস্থান নেওয়ার কারনে অর্ডারকারীদের কেউ দোকানে আসেননি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। যেই কারনে আমরা তাদের খাবারস্থলে অবস্থান নেই। আমরা কোনভাবেই নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম হতে দিব না।’