নিঝুমের ফেসবুক বায়োতে লেখা ছিল ‘ক্রাশড’। শেষ পর্যন্ত মোটরসাইকেল দুর্ঘটনাতেই থেমে গেল তাঁর জীবন। ফেসবুকের সেই শব্দের সঙ্গে জীবনের মর্মান্তিক পরিণতির মিল নতুন করে নাড়া দিচ্ছে স্বজন ও পরিচিতদের।
গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর মদনগঞ্জগামী লেনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান ইউনুস রাশিদ নিঝুম (২১)। তরুন এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বন্দরের নবীগঞ্জ এলাকায়।
নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে। আগামী বছরের ফেব্রুয়ারিতে তার জাপান যাওয়ার কথা ছিলো। সেই লক্ষ্যেই শিখছিলেন জাপানি ভাষা। কিন্তু তার আগেই দুর্ঘটনায় বিদায় নিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে শীতলক্ষ্যা সেতুর উপর মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রেলিং এ ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রান হারান তিনি। দুর্ঘটনায় ফারহান নামে আরেক যুবক আহত হয়েছেন।
মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন জানান, মদনগঞ্জগামী লেনে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই চালক নিঝুমের মৃত্যু হয়। আহত হন তার বন্ধু ফারহান।
তিনি আরও জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বন্ধু ফারহানকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।










