নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৩ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার আপন ফুফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ফুফা আক্তার হোসেন ওরফে খাজা (৪৫) সোনারগাঁ পৌরসভার গুছাইট গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গত শুক্রবার সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘিরপাড় এলাকায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে নিজ ঘরে এনে ধর্ষণ করার অভিযোগ উঠে আক্তারের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষের মধ্যে ক্ষোভের জন্ম হয়।
শনিবার দুপুরে ভুক্তভোগী পরিবার অভিযুক্ত আক্তার হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। এরপরেই আক্তার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযুক্ত ব্যক্তিকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।










