নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁদের মৃত্যু হয়।
একই দিন দুপুরে স্বামী-স্ত্রীর মৃত্যুর পর দুপুরে মারা গেছেন স্ত্রীর ভাই রিয়াজ। এ ঘটনায় দগ্ধ আরও একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সর্বশেষ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিয়াজ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার।
চিকিৎসক জানান, রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফের ৪০ শতাংশ রিয়াজের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় রনি নামে আরেক যুবকের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুই পরিবারের চারজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।










