‘শিল্পের বিকাশ ও আমাদের ভূমিকা’ প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে একটি রেস্তোরাঁয় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সভাপতি মো. শহিদুল ইসলাম।

সম্মেলনে শহিদুল ইসলাম বলেন, ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ প্রতিপাদ্য তুলে ধরে উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, দেশকে উন্নত করতে হলে শিল্পবিপ্লব ঘটাতে হবে এবং আরও বেশি উদ্যোক্তা তৈরি করতে হবে। ব্যবসায়ীদের সততা ও নৈতিকতার সঙ্গে ব্যবসা করার পাশাপাশি হালাল উপার্জন থেকে দান-সদকা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, উদ্যোক্তা তৈরিতে আইবিডব্লিউএফ ৫১ দিনের কর্মসূচি হাতে নিয়েছে। সংগঠনটিকে রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে একটি স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

সম্মেলনে আইবিডব্লিউএফের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সারোয়ার সাইদ বলেন, দেশে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা শেষ করে চাকরির বাজারে প্রবেশ করেন। তাদের সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা কঠিন। তাই শিক্ষিত তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, ‘আমরা চাই, আমাদের শিক্ষিত ও বেকার জনশক্তি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠুক। এ জন্য আইবিডব্লিউএফ কাজ করবে। চীনের ‘এক ব্যক্তি, এক বাড়ি, এক শিল্প’ ধারণার উদাহরণ দিয়ে তিনি বলেন, ঘর থেকেই উৎপাদনমুখী উদ্যোগ শুরু করে একজন ব্যক্তি উদ্যোক্তা হয়ে উঠতে পারেন।

সাইদ আরও বলেন, ব্যবসায়ীদের একটি অংশ ব্যবসা শুরু করেও দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতার অভাবে টিকে থাকতে পারেন না। প্রতিবছর অনেক দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকানা পরিবর্তন হয়। নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়ানো এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সহায়তা করা প্রয়োজন। এ ক্ষেত্রে আইবিডব্লিউএফ কাজ করছে।

ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে গোলাম সারোয়ার সাইদ বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ভালো না থাকলে দেশের অর্থনীতি সচল রাখা কঠিন। ব্যবসায়ীদের নিরাপদে ব্যবসা পরিচালনার সুযোগ দিতে হবে। স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংগঠনটির জেলার সভাপতি অধ্যাপক ইলিয়াস মোল্লার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল আজিম, বিকেএমইএর পরিচালক মনিরুজ্জামান মনির এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক জাকারিয়া ওয়াহিদ প্রমুখ।