নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরকে গ্রেফতারেরগুঞ্জনে উত্তেজনা তৈরী হয়েছে। সাগরকে গ্রেপ্তারে পুলিশ তার কার্যালয়ে গেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর মদনগঞ্জ এলাকায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা পুলিশের অভিযানে বাধা দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে মদনগঞ্জের বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরির পাশে ফয়সাল মোহাম্মদ সাগরের কার্যালয়ে বন্দর থানা পুলিশের কয়েকজন সদস্য প্রবেশ করেন। পুলিশ সাগরকে গ্রেফতার করতে এসেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে স্থানীয় লোকজন সেখানে জড়ো হতে থাকেন।
পরে সাগরকে গ্রেফতার ঠেকাতে কার্যালয়ের সামনের সড়কে টেবিল রেখে অবরোধ সৃষ্টি করেন স্থানীয়রা। একই সঙ্গে তারা সেখানে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থান করার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে চলে যান।
পুলিশ চলে যাওয়ার পর স্থানীয়রা সড়কে রাখা টেবিল সরিয়ে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।










