নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বাংলাদেশে গত ১৫ বছর কিশোর যুবকদের নেশার জালে জড়িয়ে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতার দায়িত্বভার গ্রহণ করে খেলাধুলার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তারেক রহমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে ১৩টি ফুটসাল মাঠ নির্মাণের জন্য ৫২ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আমাদের লক্ষ্য হচ্ছে শিশুকিশোরদের যুবকদের মাদকাসক্তি, সন্ত্রাস কিশোর গ্যাং থেকে দূরে সরিয়ে নেয়া। আমরা জায়গা খুঁজছি সাভারের বিকেএসপি’র মতো নারায়ণগঞ্জেও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান করার বিষয়ে প্রধানমন্ত্রী পদক্ষেপ নিবেন। ওসমানী স্টেডিয়াম উন্নত করবেন।
শুক্রবার বিকেলে চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ফারুক আহাম্মদ রিপনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ।
এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সাখাওয়াত বলেন, এই মাঠটি উন্নত করা হবে। খেলোয়ারদের পক্ষ থেকে চাইনিজ গোলবারের কথা বলা হয়েছে সেটিও করা হবে। অন্যান্য যেসব দাবি সেগুলোও পূরণ করা হবে। এই মাঠের চারিপাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। মাঠের মধ্যে যাতে পানি জমে না থাকে সেজন্য ড্রেনেজ ব্যবস্থা করা হবে। খেলোয়াররা যাতে মাঠে থাকে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। নারায়ণগঞ্জ হচ্ছে খেলোয়ার উৎপাদনের উর্বর ভূমি। আগে দেখা যেত যারা খেলাধুলা করতো তারা পরিবারে নিগৃহীত হতো। কিন্তু বর্তমান সরকার চায় যারা খেলাধুলা করবো তারা যাতে উন্নত জীবন গড়তে পারে। আমরা চাই সম্রাট হোসেন এমিলি, মোনেম মুন্না, আশরাফ উদ্দিন চুন্নু, সালাউদ্দিন, গাউসের মতো প্লেয়ার তৈরী হোক।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। যার মধ্যে ফাইনালে ট্রাইবেকারে ১-০ গোলে হোয়াইট ইগলসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্ল্যাক টাইগার্স টিম। টুর্নামেন্টের সেরা খেলোয়ার ইমাম, সেরা গোলকিপার সায়েম ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন রাব্বি। ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।










