একসময় বর্ষা মৌসুম এলেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের নদী-খাল-বিলে বসত নৌকা বাইচের আসর। ঢাক-ঢোলের বাদ্য আর মাঝিদের বৈঠার ছন্দে প্রাণ ফিরে পেত গ্রামবাংলার জলপথ। কিন্তু জলাশয় ভরাট, দখল এবং বিভিন্ন আবাসন প্রকল্প গড়ে ওঠায় ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এ আয়োজন।
দীর্ঘ ১৫ বছর পর সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে শীতলক্ষ্যা নদীতে নৌকা বাইচের আয়োজন করে কাঞ্চন পৌর বিএনপি। আয়োজনকে কেন্দ্র করে দিঘুলিয়া, কেরাবো, কলাতলী, বান্টি, কাঞ্চনসহ আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শনিবার নৌকা বাইচ দেখতে শীতলক্ষ্যার দুই তীরে জড়ো হয় বিপুলসংখ্যক মানুষ। নদীর পাড়ের পাশাপাশি অনেকে নৌকায় চড়ে নদীতে অবস্থান নিয়ে প্রতিযোগিতা উপভোগ করছেন। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসতে শুরু করায় পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে মোট ২৫টি নৌকা অংশ নেয়। প্রতিযোগীদের জন্য ছিলো আকর্ষণীয় পুরস্কার। এর মধ্যে রয়েছে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন। শিমুলিয়া ঘাট থেকে কাঞ্চন বাজার ঘাট পর্যন্ত শীতলক্ষ্যা নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
দর্শনার্থীরা বলেন, দীর্ঘ বিরতির পর আবারও এলাকায় নৌকা বাইচের আয়োজন হওয়ায় তারা আনন্দিত। অনেকেই দূর-দূরান্ত থেকে পরিবারের সদস্যদের নিয়ে এ ঐতিহ্যবাহী প্রতিযোগিতা দেখতে এসেছেন। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে নিয়মিত এ ধরনের আয়োজন করা হবে।
স্থানীয়দের মতে, বিনোদনের পাশাপাশি নৌকা বাইচের মতো আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত করতে পারে। বিশেষ করে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। তাই প্রতিবছর এমন আয়োজনের ধারাবাহিকতা চান তারা।










