এলপিজি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে খেলাফত মজলিস।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গণে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে এলপিজি গ্যাসের দাম একসঙ্গে ২২৩ টাকা বাড়ানো জনজীবনে নতুন দুর্ভোগ তৈরি করেছে। তিনি অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার এবং গ্যাসের দাম নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনের প্রতি খেলাফত মজলিসের পূর্ণ সমর্থন রয়েছে। শ্রমিকদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ কবির হোসেন। এ সময় সংগঠনের মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি থেকে এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত এবং জনস্বার্থবিরোধী মূল্যবৃদ্ধি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।