নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে এক রাতে পৃথক তিনটি স্থানে তিনটি বাস ও দুটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রাত সাড়ে তিনটার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল হাইওয়ে রোডে আব্দুর রশিদ মার্কেটের পাশে  পার্কিং করে রাখা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির দুʼটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলের অদূরে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ি।

বাসের স্টাফ মো. আলম বলেন, রাত সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে বাস দুʼটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন নেভায়। ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ পুড়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন বাসের মালিক শহিদুল।

শহিদুল বলেন, এই বাসদুটির ভাড়ায় আমার সংসার ও আমার অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিস করানো হয়। এমপির বাড়ির সামনে এই বাসদুটো সবসময় থাকে। এক রাতের আগুনে আমারে পথে বসায়া দিছে।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক রঞ্জু জানান, গোলাকান্দাইল এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে একই রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের সানারপাড় ইউটার্নের পাশে বাসটি পার্ক করে রাখা ছিলো। মোটরসাইকেলে আসা ২ ব্যক্তি বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস জানান, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

এদিনে একই রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারী এলাকায় পার্কিং করে রাখা দুটি লেগুনায় আগুন দেয়া হয়। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে।