নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় খড়বোঝাই ট্রাকে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে দুটি যানবাহনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই একটি ট্রাক মহাসড়কের মিরেরটেক এলাকায় পৌছে সড়কের পাশে পার্কিং করা হয়। এরইর ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়েন চালক ও তাঁর সহকারী।
সকাল ৬ টায় এক নারী পথচারী ট্রাকটির পেছনে আগুন জ্বলতে দেখে চালককে ডেকে তোলেন। ওই নারী জানান, একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
একই দিন সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি রাজধানীর সায়েদাবাদ থেকে গৌরীপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে কাঁচপুর সেতু এলাকায় যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা বাসটির পেছনের অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, “যাত্রীবাহী বাসে ও মালবাহী ট্রাকে আগুন দেওয়া হয়েছে। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিসংযোগের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।










