বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকালে শহরের মিশনপাড়া এলাকার হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্রে রূপান্তর করার স্বপ্ন দেখছেন। গত নয় মাসে তিনি যেসব কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ করেছেন, তাতে দেশের ৯৫ শতাংশ মানুষ সন্তুষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।
নেতা-কর্মীদের উদ্দেশে সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আপনারা গত ১৬ বছর ধরে পরীক্ষা দিয়েছেন এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আশা করি, আগামীতেও দলের জন্য, সরকারের জন্য এবং জিয়া পরিবারের জন্য যে পরীক্ষা আসবে, সেই পরীক্ষায়ও আপনারা উত্তীর্ণ হবেন।’ তাঁর নেতৃত্বে দেশের মানুষের ভাগ্যোন্নয়ন এবং একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন এবং ফতেহ রেজা।
মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।










