দীর্ঘ ৫১ বছর পর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। ইতিহাসে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের আয়োজন ঘিরে আজীবন সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যেও চলছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা।

এবারের নির্বাচনে টিপু-নবী প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

ফতুল্লার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান রিয়াদ মোহাম্মদ চৌধুরী। রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক পরিচিতির মাধ্যমে তৈরী হয়েছে শুভাকাঙ্ক্ষী ও সমর্থকগোষ্ঠী। সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে।

রিয়াদ চৌধুরীর অনুসারীদের প্রত্যাশা, রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলে রিয়াদ মোহাম্মদ চৌধুরী এখানে মানবিক কর্মকাণ্ডে নিজের অভিজ্ঞতা ও সামর্থ্য কাজে লাগাবেন।

রেড ক্রিসেন্ট নির্বাচনে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, ভোটারদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে রেড ক্রিসেন্টকে আরও জনকল্যাণমূলক ও মানবিক সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। রেড ক্রিসেন্ট নিয়ে সাধারণ মানুষ ও ভোটারদের যে আশা-আকাঙ্ক্ষা এবং চিন্তাভাবনা রয়েছে, তা বাস্তবায়নে কাজ করবো। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কাজ করছেন, তার অংশ হিসেবে নারায়ণগঞ্জে পরিবর্তন আনতে চাই।

রিয়াদ চৌধুরী বলেন, পরিবর্তনের প্রথম ধাপ হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক নির্বাচন। রেড ক্রিসেন্টের মত জেলার সকল সামাজিক, সেবামূলক, ব্যবসায়ী, পেশাজীবী সংগঠনগুলোতেও গণতান্ত্রিক চর্চা চালু হবে। ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের নেতৃত্ব নির্বাচিত করবেন।

নির্বাচিত হলে নিজের পরিকল্পনা তুলে ধরে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, মানবসেবার জন্য রেড ক্রিসেন্ট একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এককভাবে মানবসেবা করা আর সংস্থার প্রতিনিধি হওঁয়ে মানবসেবা করার মধ্যে পার্থক্য রয়েছে। সংঘবদ্ধ উদ্যোগের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সহজেই সেবা পৌঁছে দেওয়া সম্ভব, যা এককভাবে করা কঠিন।

আমি প্রথমত নারায়ণগঞ্জে একটি শক্তিশালী ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী টিম গড়ে তুলতে চাই। দ্বিতীয়ত, প্রতিটি থানা ও গুরুত্বপূর্ণ এলাকায় স্বেচ্ছায় রক্তদাতাদের তালিকা তৈরি করতে চাই। তৃতীয়ত, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও রূপগঞ্জসহ বিভিন্ন এলাকায় দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী দল গঠনের করতে চাই।

এ ছাড়া স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রেড ক্রিসেন্ট ইয়ুথ কার্যক্রম সম্প্রসারণ, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও শিল্পকারখানার দুর্ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা তৈরি এবং নিয়মিত প্রাথমিক চিকিৎসা, অগ্নিনিরাপত্তা ও উদ্ধার প্রশিক্ষণের আয়োজন করার ইচ্ছা রয়েছে।

সেই সাথে আজীবন সদস্যদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি আয়-ব্যয়, অনুদান, প্রকল্প ও কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহি প্রতিষ্ঠার বিষয়েও তিনি গুরুত্ব দিতে চান। তাঁর পরিকল্পনাগুলো সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।