নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের হিসাব সহকারী (চলতি দায়িত্ব) মো. দিলোয়ার হোসেনকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

১৬ অক্টোবর রাত আনুমানিক ৯টায় পানাম নগরীর কাছে পানাম লেক সিটির রাস্তায় অজ্ঞাতনামা পাঁচ থেকে সাতজন সন্ত্রাসী তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

ধারণা করা হচ্ছে যে, সোনারগাঁও জাদুঘরের কিছু অসৎ, দুর্নীতিবাজ কর্মকর্তাদের এই হামলার সাথে যোগসাজশ আছে। ফাউন্ডেশনের পরিচালককে উদ্যেশ্য করে ১৭ অক্টোবর লেখা আবেদনপত্রে দিলোয়ার হোসেন অভিযোগ করেন, হামলাকারীরা তাঁকে লাঠি দিয়ে আঘাত ও এলোপাতাড়ি কিলঘুষি মারে।

এ সময় তারা ফাউন্ডেশনের গাইড লেকচারার মো. আশরাফুল আলম নয়ন ও সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেনের নাম উল্লেখ করে। তাঁর পারিবারিক বিষয় নিয়েও বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে মারধর করা হয়। হামলাকারীরা মারধরের ভিডিও ধারণ করে বলে জানান ভুক্তভোগী।

থানায় অভিযোগ দেওয়ার জন্য প্রস্তুত করা বিবরণে দিলোয়ার বলেন, হামলাকারীরা তাঁর হাতে ও পায়ে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তারা হুমকি দিয়ে বলে, “তোর কত বড় সাহস, তুই আমাদের লোকজনের বিরুদ্ধে কথা বলছিস, শাখাওয়াত ও নয়নের বিরুদ্ধে কথা বলছিস। তোকে আজকে জানে শেষ করে ফেলব।”

দিলোয়ার জানান, পরিচালক বরাবর আবেদনপত্রে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে হামলাকারীদের দিয়ে তাঁকে হত্যার চেষ্টা করানোর অভিযোগ করেছেন। হামলার পর রাতেই তিনি সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসা নেন। আবেদনপত্রে চিকিৎসাপত্রের অনুলিপি সংযুক্ত করার কথা উল্লেখ রয়েছে।

হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার, ঘটনার তদন্ত এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন দিলোয়ার। পাশাপাশি ফাউন্ডেশনের পরিচালকের কাছে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।