নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা শুধু পুলিশের একার পক্ষে সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পুলিশ সুপার হাবিবুর রহমান। এ সমস্যা নিরসনে সিটি করপোরেশন, জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, জেলা পরিষদ এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মনে করেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নগরীর চাষাঢ়া এলাকায় যানজট নিরসনে পুলিশের অভিযান চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। এখানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল ও আশপাশের জেলা থেকে আসা বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন বসবাস ও চলাচল করেন। মানুষের সংখ্যা ও যানবাহনের অতিরিক্ত চাপের কারণেই শহরের বিভিন্ন সড়কে প্রায়ই যানজট সৃষ্টি হয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সব সংশ্লিষ্ট সংস্থাকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, যানজট সমস্যা সমাধানে সিটি করপোরেশন, জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, জেলা প্রশাসন ও পুলিশকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। একই সঙ্গে পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন এবং ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন সংশ্লিষ্ট সংগঠনগুলোকেও এ কার্যক্রমের সঙ্গে যুক্ত করা জরুরি।
হাবিবুর রহমান জানান, যানজট নিরসনের বিষয়ে এরই মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগও শুরু হয়েছে। দায়িত্ব গ্রহণের পর গত ছয় দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করেছে বলেও তিনি জানান।
বৃহস্পতিবারের অভিযানের প্রসঙ্গে তিনি বলেন, সপ্তাহের এ দিনটিতে শহর থেকে বিভিন্ন গন্তব্যে মানুষের যাতায়াত বেড়ে যায়। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক যানবাহন শহরে প্রবেশ করায় সড়কে বাড়তি চাপ তৈরি হয়। এ কারণেই বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ ও যানজট নিয়ন্ত্রণে পুলিশ মাঠে নেমেছে।
তিনি আরও জানান, শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রচলিত আইন ও নিয়ম অনুসরণ করে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সম্ভাব্য উপায়গুলো মাঠপর্যায়ে পর্যবেক্ষণ করছেন।
পুলিশ সুপার বলেন, মাঠপর্যায়ে প্রাপ্ত অভিজ্ঞতা ও পরিস্থিতি পর্যালোচনার পর পুলিশ কর্মকর্তারা আবারও বৈঠকে বসবেন। এরপর সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনের সঙ্গে আলোচনা করে যানজট নিরসনে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










