নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ৩য় সেতুতে একের পর এক মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েই চলছে। সবশেষ সেই দুর্ঘটনার শিকার হয়েছে বন্দরের নবীগঞ্জ এলাকার বাসিন্দা নিঝুম (২১)। তরুন বয়সের সৌখিনতা থেকে মোটরসাইকেল ক্রয়। কিন্তু সেই মোটরসাইকেলের বেপরোয়া গতি থামিয়ে দিয়েছে উদ্যোমি এই যুবকের প্রাণ।
বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট নিবন্ধিত মোটরযানের ৭১ শতাংশ মোটরসাইকেল, যার একটি বড় অংশ চালায় কিশোর-যুবকরা।
শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করা হয় ২০২২ সালের ১০ অক্টোবর। চালু হওয়ার পর থেকেই এই সেতুতে সবচেয়ে বেশী প্রানহানী ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এসব দুর্ঘটনার পেছনে কেউ কেউ বেপরোয়া গতিকে দায়ী করলেও কারও কারও মতে, সেতুর সড়কের ত্রুটিও দুর্ঘটনার জন্য দায়ী।
সরেজমিনে সেতু পরিদর্শন করে দেখা যায়, ৩য় শীতলক্ষা সেতুর বন্দরমুখী লেনের বিভিন্ন স্থানে সড়কের পিচ ফুলে আছে। দ্রুতগতিতে আসা কোন যানবাহনের জন্য এই ফুলে থাকা অংশ দুর্ঘটনা ঘটার জন্য যথেষ্ট। বিশেষত রাতের অন্ধকারে এই অংশ বেশ ঝুঁকিপূর্ন হয়ে দাঁড়ায়।

সূত্র বলছে, ‘প্রায় ১২ বছর নির্মান শেষে উদ্বোধন হওয়া সেতুটি মাত্র চার বছরের মাথায় নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। বর্ষায় ব্রিজের সংযোগ সড়কের মাটি সরে যাওয়া, ট্রাক উল্টে পড়া, সড়ক বাতি বিকল হয়ে যাওয়া অন্যতম। নতুন করে চালকদের আতংকের কারন হয়ে উঠেছে সড়কের ফুলে উঠা পিচ। বিপুল অর্থ ব্যায়ে নির্মিত এই সেতুর এমন চিত্র হতাশ করেছে উভয় পাড়ের বাসিন্দাদের।
সেতু পারাপার হতে আসা মোটরসাইকেল চালক বাঁধন (২৩) বলেন, ‘সেতুতে ইজিবাইক সেতুর টোলের টাকা ফাকি দেওয়ার জন্য উল্টো পথে চলাচল করে। যেটা সঠিক পথে আসা চালকদের জন্য ঝুকিপূর্ণ। কারন সেতুতে সব গাড়ির গতি একটু বেশি থাকে। এমন অবস্থায় সামনে যদি একটি ইজিবাইক চলে আসে তাহলে তা নিয়ন্ত্রন করা অনেক বেশি কষ্টকর।’
আরেকজন চালক সোভন আহমেদ (২৮) জানান, ‘আজকাল তরুন চালকরা মোটরসাইকেল চালানোর দক্ষতা অর্জন করার আগেই মোটরসাইকেল চালায়। তারা সড়কের নিয়মের পরোয়া করে না, যেখানে কম গতিতে চালাতে হবে সেখানে দ্রুত গতিতে চালায়। নির্দিষ্ট বয়সের পূর্বে তরুনদের মোটরসাইকেল দেয়া উচিত না। পাশাপাশি অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো পরিহার করতে হবে।’
জেলা পুলিশের ট্র্যাফিক বিভাগের পরিদর্শক (এডমিন) জিয়াউদ্দীন খান বলেন, ‘বেশিরভাগ দূর্ঘটনার প্রধান হলো অসচেতনতা এবং অনেকেরই প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। নিজের মতো করে মোটরসাইকেল চালানো শিখে চলাচল করার ফলে তার মধ্যে নিয়ম-কানুন সম্পর্কে কোন ধারনা থাকে না। যা দূর্ঘটনার শঙ্কা বাড়িয়ে দেয়। চালকদের দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে দূর্ঘটনা অনেকটা কমানো যাবে।










